মসজিদের নাম ভাঙিয়ে বালু সিন্ডিকেট! সিন্দুরখাঁনে অভিযানে দুই গাড়ি বালু জব্দ
স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল (মৌলভীবাজার):
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নে মসজিদের নাম ব্যবহার করে অবৈধ বালু ব্যবসার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
উপজেলার হুগলিয়া রোডস্থ হাজীর মেইল সংলগ্ন কুঞ্জবন এলাকায় এই ঘটনাটি ঘটে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
সোমবার (০৬) স্থানীয় সূত্রে জানা যায়, একদল অসাধু বালু ব্যবসায়ী কৌশলে একটি মসজিদের সামনে বালুর স্তুপ রেখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা প্রচার করে যে, এসব বালু মসজিদ নির্মাণ কাজে ব্যবহৃত হবে। তবে বাস্তবে এটি ছিল অবৈধভাবে বালু মজুদ ও ব্যবসার একটি পরিকল্পিত কৌশল।
বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকার সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
এ সময় দুই গাড়ি অবৈধ বালু জব্দ করা হয়।
স্থানীয়রা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা শুধু অনৈতিকই নয়, বরং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মজুদের ঘটনা বাড়ছে বলে অভিযোগ রয়েছে, যা পরিবেশ ও স্থানীয় অবকাঠামোর জন্য হুমকি হয়ে উঠছে।