ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ
সিলেট জেলার ওসমানীনগরের বুরুঙ্গা বাজার সড়কে দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরে গত ২১ মে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার ৪ নম্বর পৃষ্ঠায় “আমার বাংলায় পাতায় এবং সিলেট টিউবউন, হলি সিলেট সহ বিভিন্ন পত্রিকায় ওসমানীনগরে খানাখন্দের ভরা বুরুঙ্গা বাজার সড়ক, শিরোনামের ৫ ও ৬ নম্বর কলামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর স্থানীয় সচেতন মহলে ব্যাপক সাড়া পড়ে।
এরই ধারাবাহিকতায় ২৬ মে সচেতন ব্যক্তিদের উদ্যোগে বুরুঙ্গা বাজার সড়কের কিছু অংশে ইট ফেলে গর্ত ভরাটের কাজ শুরু হয়েছে। যদিও এটি সাময়িক সমাধান, তবুও এতে কিছুটা হলেও জনদুর্ভোগ লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা। গর্ত ভরাটের কাজ দেখে খুশি প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি খানাখন্দে ভরে যাওয়ায় যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে শিক্ষার্থীরা, রোগীবাহী যানবাহন এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে এটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।
এ বিষয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্টরা দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, যদি এখনই স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া না হয়, তবে সামনে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে। তবে এটা স্থায়ী সমাধান নয়। আমরা সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের কাজ শুরু হয়।”
সচেতন মহলের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। পাশাপাশি তারা আশা করছেন, সংবাদমাধ্যমে বিষয়টি তুলে ধরার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।