দলের সমর্থন পেলে চেয়ারম্যান পদে আবারও লড়বেন হাজী হেলাল উদ্দিন
জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৩ নম্বর পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী হেলাল উদ্দিন।
তিনি জানিয়েছেন, দলের সমর্থন পেলে আসন্ন ২০২৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেবেন না বলেও স্পষ্ট করেছেন তিনি।
হাজী হেলাল উদ্দিন দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে ট্রাভেলস ব্যবসার সঙ্গে যুক্ত একজন সফল ব্যবসায়ী। পাশাপাশি নিজ বাড়িতে একটি দুগ্ধ খামার গড়ে তুলেছেন এবং তাঁর প্রয়াত মা-বাবার নামে একটি হাফেজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ করছেন। তাঁর একমাত্র ছেলে যুক্তরাজ্যপ্রবাসী এবং সেখানে নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন।
ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন তিনি। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত আর্থিক সহযোগিতা করে আসছেন।
রাজনৈতিক জীবনে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হাজী হেলাল উদ্দিন।
রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে বিভিন্ন সময়ে মামলা, হয়রানি ও প্রতিপক্ষের প্রতিহিংসার শিকার হয়েছেন। তবুও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর দীর্ঘ রাজনৈতিক ত্যাগের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান।
এর আগে ২০১৬ ও ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন তিনি।
এরপরও সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন।
হাজী হেলাল উদ্দিন বলেন, “এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা আমাকে আবারও নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করছেন। তাদের অনুপ্রেরণায় আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, দল আমাকে সমর্থন দেবে। তবে দল যদি অন্য কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না।”