ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে বসতবাড়ির গোয়ালঘরে ঢুকে পড়া একটি অজগর সাপকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া ৫নং বস্তি কোয়ার্টারে গিয়াস উদ্দিনের বাসার গোয়ালঘরে অজগরটি ঢুকে পড়ে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে দেখা যায়, গোয়ালঘরে থাকা চার দিন বয়সী মুরগির বাচ্চাগুলোর মাকে অজগরটি গিলে ফেলেছে।
ঘটনাটি জানার পর গিয়াস উদ্দিন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
পরে তারা সতর্কতার সঙ্গে বিশেষ কৌশলে অজগর সাপটিকে উদ্ধার করেন। উদ্ধার অভিযানের সময় সাপটির কোনো ক্ষতি হয়নি। পরে উদ্ধারকৃত অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, লোকালয়ে অজগর ঢুকে পড়ায় শুরুতে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে সাপটিকে নিরাপদে উদ্ধার করায় তারা স্বস্তি পেয়েছেন।