কমলগঞ্জে অপহরণের চেষ্টা: ভুক্তভোগীর বাড়িতে এমপি হাজী মুজিব, দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও এলাকায় এক নারীকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টার ঘটনার পর ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির আহমদ জয়, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এক নারীকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।রবিবার (৮ মার্চ) ভোর প্রায় সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো সেদিনও ভোর সাড়ে ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার বারবার বাজার এলাকায় আসা–যাওয়া করতে থাকে। গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গল যাওয়ার কথা বলে তাদের গাড়িতে উঠতে বলেন। তবে তিনি তাদের প্রস্তাবে সাড়া দেননি।
তিনি আরও জানান, কিছুক্ষণ পর বাজারে লোকজন কমে গেলে তিনি বাড়ির দিকে রওনা দেন। এ সময় গাড়িটি আবার সেখানে এসে থামে। গাড়ি থেকে নেমে এক যুবক তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার শুরু করলে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম কাজ করছে। অপহরণের চেষ্টায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।